নেত্রকোণার পৌর শহরের কুড়পার এলাকায় ট্রাফিক পুলিশের এসআই আকবরের সঙ্গে সিএনজি চালকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এসআই আকবরও সিএনজির চালক মাহাবুব মিয়া, সোহেল মিয়া ও কাইয়ুম মিয়া নামে তিন চালক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহতরা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের সিএনজিকে ট্রাফিক আইনে মামলা দেওয়ায় সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুড়পার ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
এ সময় প্রায় শতাধিক সিএনজি চালক ঘটনাস্থলে বিক্ষোভ করেন। খবর পেয়ে সদর থানার সার্কেল ও জেলা টেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভের সময় কয়েকটি উপজেলার যাত্রীদের যাওয়া আসার একমাত্র রাস্তাটি দুইপাশের যান চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। ফলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
নেত্রকোণা জেলা অটোটেম্পু সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিল্লাল হোসেন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ট্রাফিক পুলিশের এসআই আকবর আমাদের সিএনজির তিন চালককে বিনা কারণে পিটিয়ে আহত করেছে ও সকল চালকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ ব্যপারে নেত্রকোণা সদও সার্কেল শাহ শিবলী বলেন, এখানে একটি ভুল বুঝাবুঝি হয়েছিল আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। এখন সব কিছু স্বাভাবিক আছে।
