দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সংসদ ভেঙে দেওয়াসহ একাধিক দাবিতে আজ শুক্রবার সারা দেশে জেলা সদরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ ছাড়া আগামীকাল শনিবার রাজধানী ঢাকাসহ সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।
রাজধানী ঢাকায় এই মিছিল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী জানান, ২৭ জানুয়ারি শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এই সংসদ ভেঙে দেওয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে সারা দেশে মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে।
