জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি। আসামির পক্ষে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সারওয়ার হোসেন বাপ্পি দেশ রূপান্তরকে বলেন, ‘আপিল নিষ্পত্তি করে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।’
তিনি জানান, এ মামলায় বাবুকে গত বছরের ১৮ সেপ্টেম্বর এক আদেশে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। পরে জামিনের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০ সেপ্টেম্বর চেম্বার আদালত জামিনের আদেশের ওপর ২০ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) নির্দেশ দেয়। রাষ্ট্রপক্ষের আপিলের ধারাবাহিকতায় গতকাল এ আদেশ হলো।
আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু জেলার বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (পরে বরখাস্ত) ছিলেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গত বছরের ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটুয়েন্টিফোর.ডটকম’র সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যার ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ১৭ জুন বকশীগঞ্জ থানায় ২২ জনকে আসামি করে মামলা করেন।
