সংসদ নির্বাচনের পর আবারও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। এক দফা দাবিতে গতকাল শুক্রবার জেলা শহরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ শনিবার রাজধানী ঢাকাসহ সব মহানগরে একই কর্মসূচি পালন করবে দলটি। ভোটের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এর বিপরীতে আগের মতোই আজ শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ। এদিকে ফরিদপুর ও যশোরে গতকাল অনুষ্ঠিত বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচন পার হতে না হতেই দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি হচ্ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ এক দফা দাবি আদায়ে গতকাল শুক্রবার সারা দেশে জেলা সদরে নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করেছেন। আগামীকাল (আজ) শনিবার কালো পতাকা মিছিল করবে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করতে এখন থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দল এবং জোটও একই দিনে একই কর্মসূচি পালন করবে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আজ (গতকাল) শুক্রবার ফরিদপুরসহ কয়েকটি জেলায় কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে জেলা নেতারা আমাদের কাছে অভিযোগ করেছেন।’
গত বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কালো পতাকা মিছিল করার মৌখিক অনুমতি দিয়েছে। ঢাকা মহানগর বিএনপি মিছিলের প্রস্তুতি নিচ্ছে। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।’
আ.লীগের পাল্টা কর্মসূচি : দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করা আওয়ামী লীগ অনেকটা খোশমেজাজে রয়েছে। এরই মধ্যে বিএনপির কর্মসূচির দিন রাজধানীতে বড় জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশের ডাক দিয়েছে। ডিএমপি ২১ শর্তে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে দলটি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার রাজপথে সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। শান্তি ও গণতন্ত্র সমাবেশে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীতে পৃথক পৃথক স্থানে সমাবেশ করেছিল আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। বিএনপির সমাবেশ প- হলেও অন্য রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ শেষ করেছিল।
ফরিদপুরে বিএনপির কালো পতাকা মিছিল : আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, সারা দেশে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবৈধ সংসদ বাতিলের দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির ডাকা দেশব্যাপী কালো পতাকা মিছিলের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের সিভিল সার্জন অফিসের সামনের সড়ক থেকে মিছিল বের হয়। মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে পুলিশি বাধায় শেষ হয়। এ সময় সেখানে পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত পথসভা হয়েছে।
পুলিশের বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল : আমাদের যশোর প্রতিনিধি জানান, পুলিশের বাধা উপেক্ষা করে যশোরে কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদীঘির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
