চুয়াডাঙ্গায় শৌচাগার থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:১১ এএম

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আনসার ব্যারাকের শৌচাগার থেকে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জামাল উদ্দিন (৫৬)। গত বৃহস্পতিবার রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

জামাল উদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ঠাকুরবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎকরা।

তাকে উদ্ধার করা আনসার সদস্য সাইদুর রহমান বলেন, ‘জামাল উদ্দিনসহ আমরা কয়েকজন সদস্য ডিউটিতে ছিলাম। এর মধ্যে যেকোনো এক সময় জামাল উদ্দিন আনসার ব্যারাকের শৌচাগারে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। পরে আনসার ব্যারাকের শৌচাগারের মধ্যে জামাল উদ্দিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। দ্রুত জামাল উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলি বলেন, সদর উপজেলার আনসার ব্যারাকের শৌচাগার থেকে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত রিপোর্টের পরই মৃত্যুর মূল কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত