পণ্য নিয়ে যারা কারসাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: ভোক্তার ডিজি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান বলেছেন, চাল, পেয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও ডিম নিয়ে যারা কারসাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যে উৎস্য থেকে চালের দাম বৃদ্ধি করা হয়েছে তা নির্ধারণ করে সেই প্রতিষ্ঠান সিলগালা করে দেব। প্রয়োজনে জড়িতদের আমরা রিমান্ডে নেব।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ফরিপট্টিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে বরিশালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, কয়েকটা স্বার্থান্বেষী গোষ্ঠী মাঝে মাঝে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে। সামনে রমজান আসছে সেই রমজানে ডাল, চিনি ও তেলের দাম না বাড়াতে পারে সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।

তিনি সাংবাদিকদের বলেন, মোকামে যে কেজি প্রতি চালের দাম ৪ টাকা বাড়িয়েছে একটা চক্র। তারা সারা দেশে প্রচার করেছে ধানের দাম বেড়ে গেছে। ধানের দাম কেন বাড়ল তা তদন্তের ব্যাপার। ধানের দাম যদি বেড়েও থাকে তাহলে সেই চাল আসবে বৈশাখ মাসে। তাদের ট্রাকভাড়া, কর্মচারী বেতন দোকানভাড়া বাড়েনি। ধানের দাম বেড়ে যাওয়ার উছিলায় তারা যে একই ধান থেকে পাওয়া চালে যে ৪ টাকা বাড়িয়ে দিল তা সম্পূর্ণ অযৌক্তিক। এই অযৌক্তিক কাজের বিরুদ্ধে আমরা কাজ করছি। সেখানে খাদ্য মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দিনরাত কাজ করছি। বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করছি।

ক্রেতা ও ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, হঠাৎ করে যখন দাম বৃদ্ধির প্রবণতা দেখা দেয় তখন আমরা না পেয়ে ৫ কেজি পণ্যের স্থলে ৫০ কেজি ক্রয় করি। সামনে রমজান আসছে, সবার ধারণা রমজানে দ্রব্যমূল্য বেড়ে যাবে। এটা সবাই ধারণা করছে। মজুদ পর্যাপ্ত রয়েছে। প্রতিটা পণ্যের মজুদের কোনো ঘাটতি নেই। দাম যাতে না বাড়ে এজন্য প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করেছি। আমাদের শুধু বাণিজ্যমন্ত্রীই নয়, সব মন্ত্রীরা বিষয়টি নিয়ে সচেতন এবং সেভাবে সবাই কাজ করছে। এখানে আমরা এটাকে যাতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা হয় সে লক্ষ্যে কাজ করছি।

এদিকে মতবিনিময় সভায় বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদিপ ঘরাইসহ ব্যবসায়ী প্রতিনিধি এবং সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত