পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্তে বিএসএফএের গুলিতে রফিউল ইসলাম টিকলু (৩৪) নামে এক বাংলাদেশির মারা গেছেন।

আজ রবিবার (২৮ জানুয়ারি) ভোরে ওই সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। রফিউল ইসলাম টুকলুর মরদেহ কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

নিহত ব্যক্তি পাটগ্রামের বঙ্গের বাজার এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র। ধারণা করা হচ্ছে- চোরাকারবারে সীমান্তের ওপারে গিয়েছিলেন তিনি।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় হয়তো তিনি চোরাচালানের সাথে যুক্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

জানা যায়, ভোর ৪টার দিকে আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশ চোরাচালানি পণ্য আনতে যায়। পণ্য নিয়ে ফেরার সময় আঙ্গরপোতা বিওপির মেইন পিলার-১ এর সাব পিলার-১ হতে ভারতের একশ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া নামক স্থানে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এসময় গুলিতে নিহত হয় রফিউল ইসলাম টিকলু। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, টিকলুর মরদেহ ভারতীয় পুলিশ নিয়ে গেছে।

৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত