প্রধানমন্ত্রী

বিএনপি সন্ত্রাসী দল, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কখনো ক্ষমতায় আসেনি 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সব সময় জনগণের ম্যান্ডেটের পরিবর্তে অন্য শক্তির সহায়তায় ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, যখনই নির্বাচনের সময় আসে, তখনই তারা অন্য কোনো শক্তির সন্ধান করে যারা তাদের ক্ষমতায় বসাতে পারে।

রবিবার (২৮ জানুয়ারি) যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) ভাইস চেয়ার ও ইন্দো-ব্রিটিশ বিষয়ক এপিপিজির চেয়ার বীরেন্দ্র শর্মার নেতৃত্বে যুক্তরাজ্যের ক্রস পার্টির একটি পার্লামেন্টারি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সব সময় যেকোনো উপায়ে ক্ষমতা নিশ্চিত করতে চায়।

গত ৭ জানুয়ারি ও ২০১৪ সালের সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি তারা কোনো নিশ্চয়তা না পায় যে কেউ তাদের ক্ষমতায় আনবে, তাহলে তারা নির্বাচন বয়কট করবে। ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা না পাওয়ায় নির্বাচনের দিনে নির্বাচন বয়কট করেছিল।

তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা কখনো ক্ষমতায় আসেনি। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনটি ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং এর সুষ্ঠুতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি।

তিনি আরও বলেন, যেখানে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছিল মাত্র ৩০টি আসন এবং আওয়ামী লীগ পায় এককভাবে ২৩৩টি আসন। গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করা তাদের পছন্দ ছিল। সেনানিবাসে সামরিক স্বৈরশাসকের হাতে বিএনপির জন্ম।

প্রধানমন্ত্রী বলেন, ওই ব্যক্তি (জিয়াউর রহমান) হ্যাঁ/না ভোট এবং রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা কলুষিত করেছেন। দীর্ঘ ২৯ বছর অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশ শাসন করেছে। সে সময়ে দেশে কোনো গণতন্ত্র ছিল না। ফলে  দেশে কোনো উন্নয়ন হয়নি।

দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো নেতৃত্ব বিএনপির নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির লোকেরা শুধু লন্ডন থেকে নির্দেশ পাচ্ছে। এর ফলে ২০০৮ সালের পর বিএনপি কোনো নির্বাচনে অংশ নেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত