তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিবাদে জড়ানো গ্রুপ দুটি হলো, চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)। সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভিএক্স গ্রুপের ২০২০-২১ সেশনের এক কর্মীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় সিএফসি গ্রুপের একই সেশনের কিছু কর্মী। পরে সেটা হাতাহাতিতে রূপ নেয়। গ্রুপের কর্মীকে মারধরের জেরে সংঘর্ষে জড়ায় ভিএক্স এবং সিএফসি গ্রুপের নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী মোড়ে এবং সিএফসি গ্রুপের নেতাকর্মীরা আমানত হলের সামনে অবস্থান নেয়। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীদেরকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্থিতিশীল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দুই গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষে কোন আহতদের ঘটনা ঘটেনি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সংঘর্ষের ঘটনা যেন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে জানিয়ে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, জুনিয়রদের মাঝে ছোটখাটো একটি ঝামেলা হয়েছে। আমরা বিষয়টি দেখেছি।
এসময় সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, দুই গ্রুপের মাঝে তুচ্ছ বিষয়ে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করেছি। উভয় গ্রুপের নেতাকর্মীদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
