পেছন থেকে ট্রাকের ধাক্কা, বাইসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু টানেল সড়কে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার পারভেজ (৩২) উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের ছৈয়দ হোসেনের ছেলে। তিনি আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী স্যু ইন্ডাষ্ট্রিজে (গার্মেন্টস) নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,আনোয়ার পারভেজ বাইসাইকেল করে কোরিয়ান ইপিজেডে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু টানেল সড়ক থেকে চীনা অর্থনৈতিক অঞ্চল সড়কে উঠতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। মুহূর্তে বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীর মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলে আনোয়ার পারভেজের মৃত্যু হয়।

আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত