চট্টগ্রামের চন্দনাইশে মাদ্রাসায় গভীর রাতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে বহরম পাড়া জামেয়া পাক পাঞ্জতন আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসায় এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
জানা যায়, ২০০১ সালে স্থানীয় সুন্নী মতাদর্শে বিশ্বাসী স্থানীয় ধর্মপ্রাণ মানুষ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসায় প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান অব্যাহত আছে। প্রতিষ্ঠাকালীন সময় হতে স্থানীয় মাদ্রাসা বিদ্বেষী একটি মহল এর বিরোধীতা করে আসছে। আগামী ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় ঈদে মিলাদুন্নবী ও বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু গত ২৮ জানুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্তরা মাদ্রাসার তালা ভেঙে ভেতরে ঢুকে ৪টি ফ্যান, চেয়ার ক্ষতিগ্রস্ত করে এবং আলমিরাতে রক্ষিত মাদ্রাসা ও ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র, মাদ্রাসার কাজের জন্য আনিত টাইলস ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।
থানায় অভিযোগ দায়েরকারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মঈনুদ্দীন জানান, মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় হতে এক ধরনের পরশ্রীকাতর গোষ্ঠীর লোকজনের সাথে দীর্ঘ দিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার ক্ষতি করতে না পেরে আমার প্রিয় প্রতিষ্ঠান এবং আল্লাহ রাসূলের প্রিয় মাদ্রাসা জামেয়া পাক পাঞ্জতন আহমদিয়া রহমানিয়া সুন্নীয়া মাদ্রাসার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রশাসনের নিকট থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাই।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এস আই) ভক্ত দত্ত জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
