পাকিস্তানে এমপি প্রার্থীকে গুলি করে হত্যা, আশঙ্কাজনক ৪

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:০৯ পিএম

দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। এর মধ্যেই পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা এক সংসদ সদস্য (এমপি) প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জানুয়ারি) আফগানিস্তান সীমান্ত ঘেঁষা উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বাজুর জেলা পুলিশের কর্মকর্তা রশীদ খান বলেন, আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রেহান জায়েব খান। তিনি নিজেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী বলে দাবি করেছিলেন। বাজুর জেলায় রেহান জায়েব খান ও তার চার সহযোগীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আহতাবস্থায় রেহান জায়েব খান ও তার সহযোগীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই প্রার্থী। তার চার সহযোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ নিয়ে গত কয়েক দিনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত এলাকায় পিটিআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট দ্বিতীয় প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হলেন। বুধবারের হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত