রেলের টিকিট কালোবাজারিদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বুধবার (৩১ জানুয়ারি) রেল ভবনের সভা কক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এ কথা বলেছেন।
রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ১ হাজার ২০০–এর বেশি ট্রেনের টিকিট উদ্ধার ও কালোবাজারির অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করে র্যাব। টিকিট কালোবাজারি রোধে র্যাবের এই ভূমিকার প্রশংসা করেন রেলপথমন্ত্রী।
আজকের সভায় র্যাবকে ধন্যবাদ জানিয়ে রেলপথমন্ত্রী বলেন, ‘রেলের টিকিট কালোবাজারি রোধে র্যাবের ভূমিকা প্রশংসনীয়।’ এ সময় তিনি কালোবাজারিদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘সম্প্রতি রেলে অনেক ঘটনা ঘটেছে, টিকিট কালোবাজারি, রেলের ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটছে। এসব ঘটনা আর যাতে না ঘটে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
