জনপ্রশাসনমন্ত্রী

প্রশাসনকে আরও গতিশীল করা হবে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ৫ বছরে প্রশাসনের ছোটখাট ভুলক্রুটি সংশোধন করে আরও বেশি গতিশীল ও কার্যকর করা হবে। সেই সঙ্গে প্রশাসনকে স্মার্ট বাংলাদেশ গঠনে শতভাগ উপযোগী করা হবে। 

তিনি আরও বলেন, তিনবারের প্রধানমন্ত্রী এবার নির্বাচিত হওয়ার পর স্মার্ট বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। তাই আগামী ডিসি সম্মেলনে সমস্ত জেলা প্রশাসককে স্ব-স্ব জেলায় আরও গণমুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেওয়া হবে। জনগণকে সঠিক সেবা দিতে প্রশাসনের কোনো ধরনের শৈথিল্যকে প্রশ্রয় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জনপ্রশাসনমন্ত্রী একথা বলেন। মন্ত্রীকে গণসংবর্ধনা দিতে শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে মানুষের ঢল নামে। বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করতে সমবেত হন।

পরে মন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সকলকে স্বচ্ছ ও বন্ধুত্বপূর্ণ রাজনীতি করে মানুষের আকাঙ্ক্ষঅ পূরণে ভূমিকা রাখতে হবে। এটাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতি। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত