রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসায় গাজী নাজিউর রহমান নাদিম (২৩) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ-এর শিক্ষার্থী ছিলেন।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে পূর্ব রামপুরা ব্যাংক কলোনীর বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তার বাবা নুরুল আমিন জানান, রাতে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে ছিলেন নাদিম। তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে কৌশলে দরজা খুলে তারা দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কি কারণে তিনি গলায় ফাঁস দিতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা। এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
