বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দিলেন আল নাসরের কোচ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

গেল বছরের জানুয়ারিতে ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবল প্রেমিদের সৌদির ক্লাব ফুটবল নিয়ে আগ্রহ বাড়ে। রোনালদো নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটিকে উৎসাহ দিতে ফেসবুক পেজও খোলা হয়েছে বাংলাদেশে।

বিষয়টি দৃষ্টি এড়ায়নি আল নাসর কর্মকর্তাদের। তাইতো নাসর কোচ লুইস কাস্ত্রো বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন!

গতকাল রাতে নাসরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায় আল নাসর কোচ বলছেন, ‘নিবেদন ও আস্থা রাখার জন্য বাংলাদেশের সমর্থকদের আমি ধন্যবাদ জানাই।’

রিয়াদ সিজন কাপে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় মেসির মায়ামির মুখোমুখি হবে আল নাসর। তার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাস্ত্রো।

কাস্ত্রো ধন্যবাদ জানিয়েছেন বিশ্বব্যাপী আল নাসরের সব সমর্থকদেরও, ‘বিশ্বব্যাপী সব সমর্থককেও ধন্যবাদ জানাই। বিশেষ করে সৌদি আরবের সমর্থকদের, যারা আল নাসরকে সমর্থন দিচ্ছেন।' রোনালদো ছাড়াও আল নাসরে খেলেন সাদিও মানে, ডেভিড ওসপিনার মতো ইউরোপে খেলা তারকা।

সৌদি প্রো লিগে এখন নজর রাখেন অনেক বাংলাদেশি। কারণ নাসর ছাড়াও আল হিলালে আছেন নেইমার, আল ইত্তিহাদে করিম বেনজেমে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত