বিজয়নগরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম

পথে পথে ব্যানার ফেস্টুন আর তোরণে সেজেছে রাস্তার দুপাশ। শুভেছা, অভিনন্দন আর স্বাগত জানিয়ে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন ছেয়ে গেছে চারপাশ। যেন এক বর্ণিল সাজ সাজ রব। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির এমপিকে বরণ করতেই বিজয়নগর উপজেলা এসব আয়োজন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নিযুক্ত হওয়ার পর আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নিজ নির্বাচনী এলাকা বিজয়নগর উপজেলা প্রথম সফর উপলক্ষে গণপূর্তমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জমকালো প্রস্ততি এভাবেই নেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলা পরিষদ মাঠ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের আয়াজিত এ সভায় তাকে গণসংবর্ধনা দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর  ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে ২০১১ সালে উপনিবার্চনের মধ্যে দিয়ে প্রথম সংসদ সদস্য হন তিনি। পর পর এ  আসনে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির এমপি। চলতি বছর অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও দলীয় মনোনয়ন পেয়ে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় এ আসনের আনন্দের মাত্রাটা এবার ভিন্নতা বিরাজ করছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বরণ করতে উপজেলার প্রবেশদ্বার রাস্তাগুলোর উপর দলীয় নেতাকর্মীরা তোরণ, ব্যানার, ফেস্টুন লাগিয়ে অভ্যর্থনার জানান দিচ্ছে। এছাড়া পথে পথে হাট বাজারে  রঙে-বেরঙে শুভেচ্ছা ফেস্টুন সাঁটানো হয়েছে। সাজ সজ্জায় সেজেছে উপজেলা চত্বর।

উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী জানান, ইতিমধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  এ সংবর্ধনা অনুষ্ঠান বিজয়নগরে এক ইতিহাস গড়বে। দলমত নির্বিশেষে সবাই এ সংবর্ধনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আশা করছি।

অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা ও সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী এবং সদর ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল দেশ রূপান্তরকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় আমরা খুবই আনন্দিত। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব পাওয়ায় এ অঞ্চলের  মানুষের জন্য অনেক বড় অর্জন। তাই উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুধু আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন নয়, মন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং লোকজন পথে পথে তোরণ নির্মাণ করেছে। তাকে সংবর্ধনা জানাতে এ উপজেলার সব শ্রেণির মানুষ আগ্রহের সঙ্গে অপেক্ষার প্রহর গুনছেন।

মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাখা হয়েছে সাংস্কৃতিক পর্ব। যেখানে গান করবেন দেশের স্বনামধন্য বাউল ও আধুনিক  শিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত