এমবিবিএস ও বিডিএস কোর্সে (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ৯ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের সন্তানাদির জন্য মেডিকেলে ভর্তির মোট আসনের ২ শতাংশ সংরক্ষিত রাখা সংক্রান্ত ভর্তি নীতিমালার বিধান ও ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়। গত ৩০ জানুয়ারি আবেদনটি করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
