ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মাধব কুমার (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ-কালিগঞ্জ মহাসড়কের কলা হাটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাধব ওই উপজেলার বড় সিমলা গ্রামের বাসিন্দা ও তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, মাছের প্রজেক্ট থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন মাধব।
সে সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে সংঘর্ষ হয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে। পরে একটি ট্রাকের নিচেই চাপা পড়ে মারা যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
