এশিয়া সফরের দ্বিতীয় পর্বে লিওনেল মেসির নেতৃত্বে হংকংয়ে পৌছেছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার রাতে আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত দলটি হংকং সময় বিকেল তিনটায় প্রাইভেট জেটে করে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দলটিকে সরকারি কর্মকর্তাদের অভ্যর্থনা জানানোর কথা থাকলেও গণমাধ্যমে তাদের ছবি তোলার পর তারা মঞ্চ ত্যাগ করেন। বার্সেলোনার সাবেক সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজের সঙ্গে সংবাদ সম্মেলনে যোগ দেবেন মেসি।
সফরকালে দলটি অ্যাবারডিনের ফুলারটন ওশান পার্ক হোটেল হংকংয়ে অবস্থান করবে। আর্জেন্টাইন সুপারস্টারকে এক ঝলক দেখার আশায় হোটেলের বাইরে অপেক্ষা করছেন প্রায় ৩০ জন ভক্ত। কেউ কেউ মেসির নাম সম্বলিত জার্সিও দেখিয়েছেন এবং কে জানে, হয়তো তাদের জার্সিতে স্বাক্ষর করবেন সাবেক বার্সেলোনা অধিনায়ক নিজেই।
হংকং একাদশের সঙ্গে ৪ জানুয়ারি একটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। সর্বশেষ আর্জেন্টিনা দলের হয়ে ২০১৪ সালের অক্টোবরে হংকং সফর করেছিলেন মেসি। হংকং থেকে জাপানের কোবেতে যাবে ইন্টার মায়ামি।
