সাংসদ নির্বাচিত হওয়ার ২৮ দিনের মাথায় চুনারুঘাট উপজেলায় আইসিটি ভবন আদায় করে নিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আজ শনিবার (০৩ ফেব্রুয়ারি) চুনারুঘাটে তারুণ্য সমাবেশে টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ ঘোষণা দেন। স্থানীয় দক্ষিণাচরণ হাই স্কুল মাঠে সমাবেশের আয়োজন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
সমাবেশে প্রধান অতিথি প্রতিমন্ত্রী পলক বলেন, তারুণ্য ও তথ্যপ্রযুক্তির শক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি ব্যারিস্টার সুমনের প্রশংসা করে বলেন, দেশে অনেক ব্যারিস্টার আছেন কিন্তু সুমনের মতো একজন সাহসী মানুষের সংখ্যা কম। নির্বাচিত হয়েই তিনি দীর্ঘদিনের মরা খোয়াই নদীর আবর্জনা ছয়শ স্বেচ্ছাসেবকের মাধ্যমে সাফ করিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, সিলেট বিভাগের অনেক মানুষ প্রবাসে বসবাস করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে কাজ করছে। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ব্যারিস্টার সুমনের দাবির প্রেক্ষিতে চুনারুঘাটে আইসিটি সেন্টার নির্মাণে ১ মাসের মধ্যে কাজের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করা হবে বলে ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে তারুণ্য সমাবেশে আয়োজক সাংসদ ব্যারিস্টার সুমন বলেন, মানুষের ভালোবাসা বহন করা খুবই কষ্টকর। তাই মানুষের ভাগ্য বদল করার আগে মরতে চাই না। আমি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছে তার আসনে ২১টি ইউনিয়ন ২টি পৌরসভার প্রায় ৮ লাখ মানুষ অধ্যুষিত এ অঞ্চলের তরুণ-তরুণীর তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে আইসিটি সেন্টারের দাবি করেন।
অনুষ্ঠানে প্রকল্পের অধীন মাধবপুর চুনারুঘাট ও হবিগঞ্জ সদরের নারী ফ্রিল্যান্সার ও নারী কলসেন্টার এজেন্ট ক্যাটাগরির মোট ২৬৫ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ হস্তান্তর করেন প্রতিমন্ত্রী পলক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
