আগামী দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অংশীদারত্ব জোরদারে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। গত শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এমন আগ্রহ জানান ইইউর দুজন কর্মকর্তা।
তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুত্তা উরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট ইয়ানেজ লেনারজিচের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।
ড. হাছান একই দিনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
গতকাল শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খবর জানানো হয়েছে। বাসস।
এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্কে ব্রুইনস সøট, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো, পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেস ক্রাভিনহো এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিওলিয়াস ল্যান্ডসবার্গিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর ব্যাপারে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. হাছান মাহমুদ লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল এবং স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানজা ফাজনের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় করেন।
