বইমেলায় ডিএমপির স্টল থেকে বই কিনলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন গত বৃহস্পতিবার। এদিন তিনি প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বুক স্টল পরিদর্শন করেন এবং দুটি বই কেনেন। গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ডিএমপি কমিশনারকে সঙ্গে নিয়ে ডিএমপির স্টলে পুলিশ সদস্যদের লেখা বিভিন্ন বই দেখেন এবং বেশ কিছু সময় অতিবাহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী বই কিনতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সম্পাদিত বঙ্গবন্ধু জেলখানায় থাকাকালীন বঙ্গবন্ধুর চিঠিপত্রের সংকলন LETTERS OF SHEIKH MUJIB (VOL. 2 : 1951-1952) ও শেখ মুজিবের চিঠি (খণ্ড ২ : ১৯৫১-৫২) বই দুটি কেনেন। প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় স্টলে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শত ব্যস্ততার মধ্যেও সাহিত্যপ্রেমী পুলিশ সদস্য লেখকদের মননশীল বই পাঠকদের কাছে পৌঁছে দিতে বইমেলায় এবারও রয়েছে ডিএমপির একটি বুক স্টল। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করতেই মাঠের উত্তর দিকের সারিতে ডিএমপির ৮৫২ ও ৮৫৩ নম্বর বুক স্টলটি রয়েছে। এই বুক স্টলে বইপ্রেমী পাঠকদের জন্য রয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রচিত মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ; মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা ১ম, ২য় ও ৩য় খণ্ড। ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা; চিঠিপত্র শেখ মুজিবুর রহমান, নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, শেখ মুজিবের চিঠিসহ পুলিশ সদস্য লেখকদের লেখা গল্প, উপন্যাস, কবিতা ও ছড়ার বিভিন্ন বই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত