ধর্ষণকাণ্ডে চতুর্থ দিনেও উত্তাল জাবি মামুন গ্রেপ্তার

ইউজিসির তদন্ত কমিটি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ওই ঘটনার পর গতকাল বুধবার চতুর্থ দিনেও বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনে উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ধর্ষণের এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ ও সার্বিক বিষয় পর্যালোচনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দেশের উচ্চশিক্ষার তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এদিকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের মধ্যে একজন মামুনুর রশিদ মামুন ওই ঘটনার পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশের বিশেষায়িত এই ইউনিট।

গতকাল সকাল পৌনে ১১টায় জাবির শহীদ মিনারসংলগ্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট সদস্যরা মানববন্ধন করেন। পরে দুপুর ১২টায় একই স্থানে শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। পরে দুপুর ২টায় নিপীড়নবিরোধী মঞ্চের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে সমাবেশ করেন। বিকেল ৩টায় আবার বিক্ষোভ শেষে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিকেল ৫টায় শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ধর্ষণের ঘটনায় জড়িত ও পলায়নে সহযোগিতাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা, প্রক্টর এবং মীর মশাররফ হোসেন হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ-হল প্রশাসনের বিরুদ্ধে ধর্ষকদের পলায়নে সহায়তার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা, সব আবাসিক হল থেকে অছাত্রদের বের করা, ক্যাম্পাসের নিরাপত্তা শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা, যৌন নিপীড়নের অভিযোগে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহাকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তিসহ সব ধরনের অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি করা।

ধর্ষণের এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে এবং কেন এমন ন্যক্কারজনক ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখবে ইউজিসির কমিটি। কমিটির সদস্যরা আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। গতকাল এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ তথ্য জানান।

‘পরিকল্পনাকারী’ মামুন গ্রেপ্তার : গৃহবধূকে ধর্ষণের ঘটনার ‘পরিকল্পনাকারী’ মামুনকে গতকাল রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। মামুনের সহযোগী মুরাদকেও গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। তাকে নওগাঁ থেকে আটক করা হয়।

গত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এর আগে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

ইউজিসির তিন সদস্যের কমিটি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ ও সার্বিক বিষয়ে পর্যালোচনা করতে তিন সদস্যেরে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বুধবার ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর কমিটি গঠনের কথা জানান।

সূত্র জানায়, কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. জামিনুর রহমানকে। অন্য দুই সদস্য হলেন উপপরিচালক মৌলি আজাদ ও সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়াম। সদস্যরা আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্ষণের ঘটনায় কী ব্যবস্থা নিয়েছে এবং কেন এমন ন্যক্কারজনক ঘটনা ঘটছে, সেটি খতিয়ে দেখবে এ কমিটি।

গতকাল ইউজিসিতে অনুষ্ঠিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যারবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানিসহ অনিয়মের অভিযোগ নিখুঁতভাবে পর্যালোচনা ও প্রতিকারে পদক্ষেপ নিতে ইউজিসি শিগগিরই উচ্চক্ষমতাসম্পন্ন একটি সেল গঠন করবে। এখানে দক্ষ কর্মকর্তাদের পদায়ন করা হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও নিপীড়নের ঘটনা ঘটলে এই সেল তদারকি করবে এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত