নারায়ণগঞ্জে পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এ আসামির নাম আশরাফুল আলম। সে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। ঘটনার সময় সে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকত।
মামলা সূত্রে জানা যায়, নিহত ওই পোশাক শ্রমিক তার স্বামীর সঙ্গে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কাজ করতেন লিথি অ্যাপারেলস গার্মেন্টসে। ঘটনার দিন ২০১৮ সালের ২৫ নভেম্বর তিনি কাজে যাননি। দুপুরে তার স্বামী ও বড় ভাইয়ের স্ত্রী এসে দেখেন ঘরের দরজা খোলা এবং খাটের ওপর ওই নারীর মরদেহ পড়ে আছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মশিউর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
