যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিলেন নেতানিয়াহু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ এএম

চার মাস ধরে হত্যা আর ধ্বংস চালিয়েও থামতে চান না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি বলেছেন, হামাসের সঙ্গে চলতি যুদ্ধে আগামী কয়েক মাসের মধ্যে ‘সম্পূর্ণ বিজয়’ সম্ভব। এ ছাড়া তিনি গাজা যুদ্ধের তীব্রতা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তার এমন ঘোষণার মধ্যেই ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৩০ জনকে হত্যা করেছে ইসরায়েল।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘সম্পূর্ণ এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া ব্যতিরেকে সমাধান নেই।’ যুদ্ধবিরতি কার্যকরের জন্য হামাসের দেওয়া শর্তকে উড়িয়ে দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘হামাস যদি গাজায় টিকে থাকে তবে পরবর্তী গণহত্যা সময়ের ব্যাপার মাত্র।’

গাজায় যুদ্ধ বন্ধে তিন ধাপে ১৩৫ দিন মেয়াদি একটি চুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। এতে বলা হয়, হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে ছেড়ে দেওয়া হবে এবং এর বিনিময়ে যুদ্ধবিরতির মধ্যে গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে, ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিতে হবে। হামাস আরও বলছে, যুদ্ধবিরতিকালে উভয়পক্ষ বন্দি ও মরদেহ বিনিময় করতে একমত হবে।

তবে এই আলোচনা নিয়ে অচলাবস্থার মধ্যে মিসরের একটি সূত্র জানিয়েছে, মিশর এবং কাতারের মধ্যস্থতায় নতুন করে আলোচনা গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা।

নেতানিয়াহুর বক্তব্য নিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জুহরি বলেন, ‘নেতানিয়াহুর মন্তব্য রাজনৈতিক সহিংসতার রূপ এবং এতে প্রমাণ করে যে, তিনি এ অঞ্চলে সহিংসতা চালিয়ে যেতে চান।

এদিকে মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘একটি সফল যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ এখনো খোলা।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজায় ১৩০ জনের মতো ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৭ হাজার ৮৪০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত