২ টেস্ট খেলা নেসারকে দলে ফেরাল অস্ট্রেলিয়া

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

২০২১ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল পেসার মাইকেল নেসারের। প্রায় এক বছর পর ২০২২'র ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটি খেলেছিলেন। তিন বছরে মাত্র দুই টেস্ট খেলা নেসারকে আবার দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড সফরের দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের দলে আছেন নেসার। এছাড়া আর তেমন কোন চমক নেই দলে। গত বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে ছিলেন নেসার। তবে একাদশে সুযোগ পাননি।

এখন পর্যন্ত ১০৩টি প্রথম শ্রেণিতে ৩৫৭ উইকেট নিয়েছেন। এবার শেফিল্ড শিল্ডে ৫০.৩৩ গড়ে মাত্র ৯টি উইকেট নিয়েও ডাক পেলেন দলে। অস্ট্রেলিয়ার হয়ে ২ টেস্টে ৭ উইকেট আছে নেসারের।

নেসারকে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্স এবং আমরা যে কন্ডিশন প্রত্যাশা করছি, এসবের ভিত্তিতে মাইকেল নেসারকে আরেকটি সুযোগ পেতে দেখে ভালো লাগছে।’

এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ১৯৯৩ সালের পর সেখানে কোনো টেস্ট হারেনি তারা।

ওয়েলিংটনে ২৯ ফেব্রুয়ারি প্রথম টেস্ট, দ্বিতীয়টি ক্রাইস্টচার্চে ৮ মার্চ শুরু।

অস্ট্রেলিয়ার দল

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাথু রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও মাইকেল নেসার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত