নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে ছানাউল্লাহ (৩০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর গ্রামে তার লাশ উদ্ধার করা হয়।
ছানাউল্লাহ দুই সন্তানের জনক ছিলেন। তিনি ওই গ্রামের নুরু মিয়ার জামাতা।
ওই এলাকার বাসিন্দা জয়নাল আবদীন জানান, ছানাউল্লাহ তার শ্বশুরবাড়িতে সপরিবারে বসবাস করতো। বৃহস্পতিবার রাতে তার বসত ঘরের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন পুলিশে সংবাদ দিলে পুলিশ ওই অবস্থা থেকে লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। এলাকাবাসি জানায়, শ্বশুরবাড়িতে জামাতার মৃত্যুর বিষয়টি রহস্যজনক।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলে এর রহস্য সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
