এখন আমাদের ভালো ড্রাইভার-ফোরম্যান নেই: রেলপথ মন্ত্রী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম

‘বর্তমানে রেলপথ মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয়। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এ মন্ত্রণালয়ের মূল ক্ষতি করে গেছে আগের বিভিন্ন সরকার। গোল্ডেন হ্যান্ডশেকের নামে একেবারে দক্ষ কর্মী শূণ্য করে গেছে। এখন আমাদের ভালো ড্রাইভার নেই। ভালো ফোরম্যান নেই। সব ক্ষেত্রেই একটা সমস্যা আমাদের। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকেই রেলপথকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। বিভিন্ন রেলপথ বন্ধ করে দেওয়ার পরও সে রেলপথগুলো চালু করা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে জেলা নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পিঠা উৎসবে এসব কথা বলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মো.জিল্লুল হাকিম। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও ডিসপ্লে উপভোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, আমাকে যখন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো। রেলপথ বিট করেন এমন অনেক সাংবাদিক আমাদের কাছে এসেছেন। আমাদের সঙ্গে বসছেন। আমি তাদের বলেছি, দেখেন সাংবাদিকরা হলো সমাজের একটি এলিট শ্রেণী। সাংবাদিকরা দেশকে গঠন করার জন্য ভালো কাজ করতে পারেন। কিন্তু আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না। কারণ সাংবাদিকরা যেন আমাকে কোন সময়ই ভালোভাবে উপস্থাপনা করতে পারে না। সমালোচনার জন্য সমালোচনা করলে দেশের জন্য, জনগণের জন্য, কারও জন্যই সেটা ভালো না। আসেন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার জন্য মিলেমিশে কাজ করি।

অনুষ্ঠানে নারী কল্যাণ সমিতির সভাপতি হালিমা আখতার শিরিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান কে এম শফিকুল মোরশেদ আরুজ। এ সময় অনুষ্ঠান সঞ্চলনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডস অপস্) মুকিত সরকার ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত