চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রী

প্রবীণদের ডে কেয়ার সেন্টার শুরুর উদ্যোগ নিচ্ছে সরকার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ এএম

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার শুরুর উদ্যোগ নিচ্ছে সরকার। গতকাল শুক্রবার সকালে চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

এ সময় তিনি আরও বলেন, বৃদ্ধ বয়সে বাবা-মা ঘরে একা থাকেন। এতে অনেক সময় তারা দুর্ঘটনার শিকার হন। পাশাপাশি বাইরে কর্মজীবী সন্তানদের বাড়তি চিন্তা নিয়ে কাজ করতে হয়। তাই প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে প্রবীণদের জন্য বিনোদন, খেলাধুলা, চিকিৎসাসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। দিন শেষে তারা বাড়িতে ফিরে যাবেন। এতে প্রবীণ বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রতিষ্ঠানের সভাপতি জে আর ওয়াদুদ টিপু, অধ্যক্ষ সাইফুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত