বরগুনার তালতলীতে প্রেমিক সোলায়মানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে স্কুলছাত্রীর বাবা প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে মেয়েকে অনশনে দিয়ে আসেন। অনশনের পর থেকেই প্রেমিক কলেজছাত্র সোলায়মান আত্মগোপনে রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় সোলায়মানের বাড়িতে ওই ছাত্রীকে অনশনে দিয়ে আসেন বাবা। এরপর থেকে গতকাল শুক্রবারও অনশনে ছিল সে। সোলায়মান তালতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
অনশনে থাকা স্কুলছাত্রী বলেন, ‘ছয় মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। এর মধ্যে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে সোলায়মান। এখন বিয়ে করতে অস্বীকার করে সে। পরে আমার বাবা আমাকে বিয়ের জন্য এই বাড়িতে দিয়ে যায়। বিয়ে না করলে আমি এই বাড়িতেই অবস্থান করব।’
স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ে না করলে আমি থানায় যাব। এ ঘটনার সঠিক বিচার চাই।’ বিষয়ে সোলায়মানের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।
তালতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
