বেসরকারি অ্যাম্বুলেন্সে দখল হাসপাতাল চত্বর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭ এএম

বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা যেন অলিখিত চুক্তিতে দখল করে নিয়েছে পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ড।

৩ একর ৪০ শতাংশ সম্পত্তির ওপরে প্রতিষ্ঠিত ৫০ শয্যাবিশিষ্ট ভান্ডারিয়া উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে একটি আইসিইউ অ্যাম্বুলেন্সসহ তিনটি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও প্রায় ডজনখানেক বেসরকারি অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত হাসপাতাল চত্বরের গেটসহ রোগী সাধারণের চলাচলের রাস্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের গেট বন্ধ করে পার্কিং করে রাখা হয়। আর এ কারণে হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করতে আসা রোগী ও স্বজনদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অভিযোগ আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের এক চালক নির্ধারিত দামের তুলনায় নানা অজুহাতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে থাকেন এবং মাসোহারার বিনিময়ে বিভিন্ন কৌশলে রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য করেন।

তবে সরকারি অ্যাম্বুলেন্সের চালক বাদল সরকার বলেন, ‘কোনো অনিয়মের সঙ্গে আমি জড়িত নই।’

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দাবি, নিরাপত্তার জন্য তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে তাদের অ্যাম্বুলেন্স গাড়ি পার্কিং করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে সাংবাদিকদের পাশ কেটে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত