মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার মাটিতে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাবে না

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির আর কখনো ফিরে আসার সুযোগ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উসকানি এবং অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলে মতভেদ ও তর্কবিতর্ক থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যেভাবে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছিল, সে রকম ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, শান্তিশৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করা হবে।

বিগত শাসনামলের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর মধ্যে এনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সীমান্তের ওপার থেকে অস্থিরতা ও অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা চলছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করা হবে। শিল্পাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলেও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ সময় তিনি সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে তাদের উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন।

জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ইজতেমায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

সর্বশেষ সর্বাধিক পঠিত