সেঞ্চুরি নয় দ্রুত ম্যাচ শেষের কথা ভেবেছেন হৃদয়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ পিএম

বিপিএলে শুক্রবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পথ হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২৩ রানে হারিয়েছিল ৩ উইকেট। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে রান করে যাচ্ছিলেন তাওহীদ হৃদয়। শেষ পর্যন্ত দারুন এক সেঞ্চুরিতে দলকে জয় এনে দেন। ৫৭ বলে ১০৮ রান করা হৃদয় বললেন, সেঞ্চুরি নয় ম্যাচ দ্রুত শেষ করাই ছিল তার লক্ষ্য।

এটি হৃদয়ের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। হৃদয় বলেন, 'আমি শুধু চেষ্টা করেছি তাড়াতাড়ি ম্যাচটা শেষ করার। আমি সেঞ্চুরির জন্য খেলিনি। ৯০ রানের পরেও না। চেষ্টা করেছি ম্যাচ শেষ করার। প্রত্যেক ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে একশো করার। গত বছর সুযোগ ছিল, হয়নি। এবার হয়েছে।'

হৃদয়ের ইনিংসে ছিল ৭টি ছক্কা। ছক্কা মারা নিয়ে হৃদয় বলেন, 'যেটা বললেন, ছয় মারতে পাওয়ার (দরকার হয়), বড় খেলোয়াড়রা, ওয়েস্ট ইন্ডিজের যারা আছে, তারাই বড় ছয় মারে। আমাদের দেশের ব্যাটাররাও বড় ছয় মারে। আপনি যদি খেয়াল করে দেখেন, (পাওয়ার থাকলে) প্রত্যেকটা ব্যাটারই বড় ছয় মারতে পারে।'

হৃদয়ের কাছে মনে হয়েছে ছক্কা মারা কঠিন বিষয় নয়। আত্মবিশ্বাস থাকলে যে কোন মাঠেই ছক্কা মারা যায়। 'আমি মনে করি, ছয় মারা খুব কঠিন কিছু নয়। প্রতিটি ক্রিকেটার ছয় মারতেই পারে, যারা ব্যাটসম্যান আছে। স্রেফ যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে যে কোনো মাঠে যে কোনো সময়ই হবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত