আ.লীগের সংরক্ষিত নারী প্রার্থীদের সাক্ষাৎকার বুধবার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ এএম

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশি আওয়ামী লীগের এক হাজার ৫৪৯ জনকে আগামী বুধবার গণভবনে ডেকেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের সিøপ অংশটুকু প্রদর্শন করতে হবে।

জানা গেছে, সাক্ষাৎকার নেওয়া শেষে একই দিন দলটির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আনুপাতিক হারে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাচ্ছে ৩৮টি। স্বতন্ত্র নির্বাচিত ৬২টি সংসদ সদস্যের আনুপাতিক হারে পাওয়া ১০টি সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা শেখ হাসিনাকে অর্পণ করা হয়েছে। ফলে ৪৮টি নারী সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই চূড়ান্ত করবেন। গত তিন দিনে দলটির মনোনয়ন পেতে ফরম কিনেছেন এক হাজার ৫৪৯ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়াচ্ছে ৩২ জন।

গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সংসদের সংরক্ষিত নারী আসনে তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫৪৯টি। এতে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

তিন দিনে ফরম সংগ্রহ করাদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাসহ অন্যান্য সংগঠনের পদধারীরা রয়েছেন। এই তালিকায় মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার নারীরা রয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের  শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১৪ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত