মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান ডিএমপি কমিশনারের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম

ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (দিবা শাখা) ৫৬তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কমিশনার বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী কেবল মাদক ত্যাগ করেই বসে থাকবে না, যাতে মাদকসেবি তৈরি না হয় তারা সেই আন্দোলন গড়ে তুলবে বলে প্রত্যাশা করছি।

শিক্ষীর্থীদের উদ্যেশ্যে পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, জীবন একটি যুদ্ধ ক্ষেত্র। জীবনের শুরু থেকে যুদ্ধ করতে হয়। ছাত্র জীবন যুদ্ধক্ষেত্রের প্রাথমিক পর্যায়। জীবনে সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠতে এই সময় যুদ্ধ করতে হয়, প্রতিযোগিতা করতে হয়, অধ্যবসায়ী হতে হয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়। মানব জীবনের এই পর্যায়ে জীবনের ভিত্তি তৈরি করতে হয়। পরিবার, সমাজ, দেশ, বিশ্বকে তথা পরবর্তী প্রজন্মকে কিছু দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, অনেকেই বলে থাকেন মোবাইল ফোন শেষ করে দিচ্ছে আমাদের সন্তানদের, আমাদের পরবর্তী প্রজন্মকে। আমি বলতে চাই, সারা বিশ্বের জন্যই মোবাইল ফোন একটি আধুনিক প্রযুক্তি। এটি অত্যাবশ্যকীয় বিষয়। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো লাইব্রেরি থেকে যে কোনো বই পড়া যায়। বর্তমানে এই মোবাইল ফোন হলো জ্ঞানের ভাণ্ডার। এটা আমাদের ত্যাগ করার কোনো উপায় নেই। তবে সেটি যেন সবসময় অবশ্যই ইতিবাচকভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। সকলেই ইতিবাচকভাবে এই মোবাইল ফোনকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করবে বলে আমি প্রত্যাশা করি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। এই দেশ উন্নয়নে সারা বিশ্বে একটি বিস্ময়। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন। ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ আজ বিশ্বে ৩৫তম অর্থনীতির দেশ। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে এবং সে সময় দেশ হবে ২৪তম অর্থনীতির দেশ। আধুনিক ও উন্নত দেশ হওয়ার অগ্রযাত্রায় এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরই নেতৃত্ব দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত