গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো এক চিঠিতে শিক্ষার্থী ভর্তি বিষয়ে নতুন করে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতির নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূল ক্যাম্পাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। কাজেই এ বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনার আগ পর্যন্ত ভর্তি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।
