কারাগারে মৃত্যুতে বিএনপির রিট ক্ষতিপূরণ দাবি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৭ এএম

কয়েক মাসে দেশের বেশ কিছু কেন্দ্রীয় ও জেলা কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনার তদন্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে।

গতকাল রবিবার বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। এতে স্বরাষ্ট্র সচিব, কারা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা, গাজীপুর, রাজশাহী, নাটোর, নওগাঁ, রংপুর, খুলনাসহ ৯টি কেন্দ্রীয় ও জেলা কারাগারের জেল সুপার এবং কারাগারের স্বাস্থ্য কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

আবেদনে মৃত্যুর এসব ঘটনা তদন্তে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কর্মরত মানবাধিকারকর্মীদের সমন্বয়ে একটি কমিটি গঠনের আরজি জানানো হয়েছে। একই সঙ্গে কারা হেফাজতে এসব মৃত্যুর ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের অকার্যকর ভূমিকা কেন সংবিধান ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, জানতে চেয়ে রুলের আরজি জানানো হয়েছে।

ব্যারিস্টার কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, ‘অল্প সময়ে ১৩ জন রাজনৈতিক বন্দি কারা হেফাজতে মারা গেছেন। এর মধ্যে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। যখন তাদের গ্রেপ্তার করা হয়, তখন তারা সবাই সুস্থ ছিলেন। পরে অনেককে রিমান্ডে নেওয়া হয়। যেহেতু কারা হেফাজতে এ মৃত্যুগুলো কীভাবে হয়েছে তা জানার দাবি রাখে। তদন্ত কমিটিতে কারা কর্তৃপক্ষ বা পুলিশের কোনো লোক থাকবে না। সংশ্লিষ্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত