খেতে গেলেন বিরিয়ানি, পাতে মিলল মরা টিকটিকি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ পিএম

বন্ধুর আমন্ত্রণে বিরিয়ানি খেতে যান উজ্জ্বল হাসান নামে এক যুবক। হাজী বিরিয়ানি হাউজে দুই বন্ধু অর্ডার করেন বিরিয়ানি। কিছুক্ষণ অপেক্ষা পর নিয়ে আসা হয় বিরিয়ানির প্লেট। খাবার মুখে তুলতেই পাতে মিলল মরা টিকটিকি। 

গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত হাজী বিরিয়ানি হাউজ নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে। টিকটিকি দেখে খাবার না খেয়ে হোটেল থেকে বের হয়ে যাচ্ছিলেন দুই বন্ধু। এমন সময় হোটেলের কর্মচারী বিল দিতে বললেই ঘটে বিপত্তি। টিকটিকি পাওয়ায় বিল দিতে অনিচ্ছুক দুই বন্ধু তাদের আরও কয়েকজন বন্ধুকে খবর দেয়। তার বন্ধুরা এসে বিরিয়ানিতে মরা টিকটিকির ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে জড়ো হন এবং উপজেলা প্রশাসন ও থানায় খবর দেন।

খবর পেয়ে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান। এরপর বিষয়টির সত্যতা যাচাই করে ওই হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। 

উজ্জ্বল হাসান নামে ওই যুবক বলেন, ‘খাবারটি এক-দুই বার মুখে দিয়েই দেখি প্লেইটে মরা টিকটিকি। এরপর বমি করতে করতে জীবন শেষ। বেরিয়ে যাব এমন অবস্থায় হোটেল কর্তৃপক্ষ আমাকে বিলের জন্য আটকায়। আমি বিল দিতে অস্বীকৃতি জানালে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে। এরপর স্থানীয় লোকজন এ ঘটনা দেখে প্রশাসনকে খবর দিলে এসিল্যান্ড এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, খাবারে মরা টিকটিকি পাওয়ার বিষয়টি সবার সামনে স্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। এরপর হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরেকটি হোটেলের ফ্রিজ নোংরা থাকায় ওই কর্তৃপক্ষকেও ৫ হাজার জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত