রোহিতের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০০ পিএম

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন কে, তা নিয়ে চলছিল আলোচনা। শোনা যাচ্ছিল হার্দিক পান্ডিয়ার নাম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন, বর্তমান অধিনায়ক রোহিত শার্মার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এক বছরের বেশি সময় ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যায়নি রোহিতকে। তখন বেশির ভাগ ম্যাচে ম্যান ইন ব্লুদের নেতৃত্ব দেন পান্ডিয়া। লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরা, সূর্যকুমরা যাদবদেরও নেতৃত্বে দেখা গেছে।

তবে গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভারতের টি-টোয়েন্টি দলে রোহিত ফেরেন অধিনায়ক হিসেবেই।

জয় শাহ বলেন, 'এক বছর পর ফিরে সম্প্রতি আফগানিস্তান সিরিজে তার নেতৃত্ব দেওয়ার অর্থ হলো, সে অবশ্যই (টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবে)। রোহিত সব সংস্করণের অধিনায়ক। এটি সম্মিলিত সিদ্ধান্ত এবং নির্বাচকরা এই বিষয়ে পুরোপুরি একমত। হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সহ-অধিনায়ক হিসেবে তার অবস্থান ধরে রাখবে।'

জয় শাহ'র বিশ্বাস রোহিতের নেতৃত্বে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত। এই বছরের জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 'আমি নিশ্চিত করে বলতে পারি, ৩০ জুন বার্বাডোজে রোহিত শার্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।' বলছিলেন জয় শাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত