পলিয়ার ওয়াহিদের ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি পলিয়ার ওয়াহিদের নতুন কবিতার বই ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল। পাওয়া যাচ্ছে ঘাসফুলের ১৪৭-১৪৮ নম্বর স্টলে। চার ফর্মার বইটির মূল্য ১৪০ টাকা। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন।

নতুন বই নিয়ে পলিয়ার ওয়াহিদ বলেন, ‘আলিফ লাম মীম’ মূলত সংস্কৃতি ও বিশ্বাসের দ্বন্দ্বের লড়াই। অজানা বিষয়কে জানার চেষ্টা। সভ্যতার শিরা-উপশিরা, ভাষার ডিজাইন ও কৃষি উপমায় আধুনিক মননের সরল কিন্তু গভীর ডায়ালগে সুমিষ্ট পরিবেশন। পাঠক বইটি সংগ্রহ করলে বিস্মিত হবে, চমকে যাবে। ‘গম’ ভাগাভাগি হোক। 

ঘাসফুলের স্বত্বাধিকারী মাহ্দী আনাম জানান, বইটি প্রকাশ করেছি নতুন চিন্তা ও কবির সাহসিকতার জন্য। সুফির সহজ পথের মন ধরে বাউলের গরল দেহের বাড়িতে পৌঁছানোর তরিকা এই কিতাব। আসমানি ভাষা-নকশা ও মরমী আবহের কঠিন কাজটি সফলভাবে করতে পেরেছেন বিশ্বাস করি। দেহের শেকড় ও মনোদৈহিক এইসব জার্নি বাংলা কবিতার নতুনত্ব ও গর্বের।

পলিয়ার ওয়াহিদের প্রকাশিত কাব্যগ্রন্থ পাঁচটি। পৃথিবী পাপের পালকি (২০১৫), সিদ্ধ ধানের ওম (২০১৬), সময়গুলো ঘুমন্ত সিংহের (২০১৮), দোআঁশ মাটির কোকিল (২০২০)। এছাড়া ভারতের ব্ল্যাকহোল থেকে তার ইংরেজি অনুবাদের কবিতার বই ‘সঙ অফ সয়েল’ প্রকাশিত হয় ২০২২ সালে।

‘সিদ্ধ ধানের ওম’ প্রকাশের বছরে সেরা দশ বইয়ের আলোচনায় স্থান করে নেয়। অন্যদিকে ‘দোআঁশ মাটির কোকিল’র জন্য কলকাতা থেকে পেয়েছেন ‘কৃত্তিবাস, তারাপদ রায় সম্মাননা’ পুরস্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত