রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে রেলে আগুন দিয়েছে। রেললাইন কেটে রেল দুর্ঘটনা ঘটিয়েছে। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ ৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩০৪ টাকা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান। সরকারদলীয় সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়নের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বিএনপি-জামায়াত সরকার গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ১০ হাজার দক্ষ কর্মী ছাটাই করেছিল। রেললাইন তুলে বিক্রি করে দেয়। রেলকে অকার্যকর একটা সংস্থায় পরিণত করে।
স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবছরে রেলের আয় ছিল ১ হাজার ৭৮৩ কোটি টাকা ও ব্যয় ছিল ৩ হাজার ৩০৭ কোটি টাকা। এ অর্থবছরে রেলের লোকসান হয় ১ হাজার ৫২৪ কোটি টাকা। তবে এ ব্যয়ের মধ্যে রেলের অবসারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া রেলের পুলিশ, নিরাপত্তা বাহিনী-আরএনবি, স্কুল, হাসপাতালের ব্যয় বাড়ায় রেলের ব্যয় বেড়েছে, সেজন্য রেলের লোকসান কিছুটা বাড়ছে।
