মায়ের অসুস্থতায় রাজকোট টেস্ট আর খেলবেন না অশ্বিন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ এএম

রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে জ্যাক ক্রলিকে ফিরিয়ে ৫০০তম টেস্ট উইকেটের মালিক হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের শেষে তা উৎসর্গ করেছিলেন বাবাকে। এমন দিনের শেষেই জানা গেল টেস্টের বাকি তিনদিন আর খেলবেন না ভারতীয় এই অফ স্পিনার। পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রাজকোট টেস্টে আর খেলা হবে না তার। 

শুক্রবার রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

কার কী ধরনের অসুস্থতা সেটা না জানালেও বিবৃতিতে বিসিসিআই এই সময়ে অশ্বিনের পাশে থাকার কথা জানিয়েছে।

তবে বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা এক্সে জানিয়েছেন, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতে চেন্নাই চলে যাচ্ছেন অশ্বিন।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ বিবৃতিতে বলেছেন, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত