নাসরের জয়ের রাতে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম

সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ের পর ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

এদিন ম্যাচের ১৭ মিনিটে নাসরের প্রথম গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ গোলে তুমুল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আরেকটি কীর্তিতে ছাড়িয়ে গেছেন আল নাসরের পর্তুগিজ তারকা।

ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে গতকালের গোলটি ছিল ৮৭৫তম। মেসির চেয়ে যা অনেক বেশি। মেসি তাঁর ক্যারিয়ারে সব মিলিয়ে গোল করেছেন ৮২১টি। তবে এক জায়গায় এত দিন দুজন ছিলেন একই অবস্থানে। এবার সেই পেনাল্টি ছাড়া গোলেও মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো।

এত দিন পেনাল্টি ছাড়া গোলে মেসি ও রোনালদোর গোল ছিল ৭১৩টি করে। কাল আল ফাতেহর বিপক্ষে ১০ গজ দূর থেকে করা গোলে ৩৯ বছর বয়সী রোনালদো সেটা নিয়ে গেলেন ৭১৪তে। রোনালদো তাঁর ক্যারিয়ারের ৮৭৫ গোলের ১৬১টি করেছেন পেনাল্টি থেকে। মেসির পেনাল্টি গোল ১০৮টি।

ক্লাব আর আন্তর্জাতিক গোলেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো। ক্লাব ফুটবলে মেসি করেছেন ৭১৫টি, রোনালদোর গোল ৭৪৭টি। আর আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল রেকর্ড ১২৮টি, মেসির ১০৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত