পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বহিষ্কার দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় ভিসি, রেজিস্ট্রারসহ প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাকে ওএসডি করাসহ তদন্ত কমিটি গঠন করলে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে।
জানা যায়, গত শনিবার রাতে পবিপ্রবির কৃষিকুঞ্জের ডাইনিং রুমে নিউট্রেশন অ্যান্ড ফুড সায়েন্স (এনএফএস) অনুষদের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলামকে প্রো-ভিসির পিএ সামসুল হক রাসেল কর্তৃক লাঞ্ছিতের প্রতিবাদে গতকাল রবিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে ওই অনুষদের শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের সংগঠন শিক্ষক সমিতি ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসে মানববন্ধন করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, ‘শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস কার্যক্রম ও পরীক্ষা বর্জন করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তা সামসুল হক রাসেলকে ওএসডি করা হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
