দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জমা ৫০টি মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান তালুকদার সোমবার (১৯ ফেব্রুয়ারি) সব মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এর আগে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় নির্বাচন ভবনে প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। এতে ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। সবগুলো মনোনয়নপত্র বৈধ পেয়েছি। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সকল প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি।
দ্বাদশ নির্বাচনে সংরক্ষিত ৫০টি আসনের জন্য জাতীয় পার্টি থেকে দুটি ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটের তারিখ ১৪ মার্চ। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এ সময়ের পরই ঘোষণা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম।
