ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকানসমূহ বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৫৭ জন বরাদ্দগ্রহীতার মাঝে চাবি হস্তান্তর করা হয়।
মেয়র ব্যারিস্টার তাপস বলেন, এই দোকানগুলো ১৯৯৭ সালে মেয়র মোহাম্মদ হানিফের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা সে সব দোকান বুঝে পায়নি। ২ যুগেরও বেশি সময় ধরে অনেক দোকান অবৈধ দখলদারেরা ভোগ করে আসছিল। কিন্তু আমরা থাকতে সিটি করপোরেশনের এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না। তাই আজ প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের সেসব দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে।
মেয়র তাপস বলেন, যারা প্রকৃত বরাদ্দগ্রহীতা, প্রাপক তারা-ই সেখানে সঠিকভাবে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবে। তারা আমাদের অংশীজন, হকদার। তাই তাদের বরাদ্দ বুঝিয়ে দিতে কোনো ধরনের প্রতিকূলতা আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সকল প্রতিকূলতা অতিক্রম করবো, ইনশাআল্লাহ।
করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়েমেন জো, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মিনু রহমান ও ফারহানা ইসলাম ডলিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
