আফগানিস্তানের শাসক তালেবান কর্তৃপক্ষ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে জীবন্ত প্রাণীর ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়েছে। গত রবিবার অভ্যন্তরীণ প্রাদেশিক বিভাগের পক্ষ থেকে স্থানীয় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশে লেখা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। কান্দাহারের গভর্নরের একজন মুখপাত্র চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাদেশিক বিভাগের চিঠিতে বলা হয় যে, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক জমায়েতে ‘জীবন্ত প্রাণীর’ ছবি তোলা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। কারণ এতে উপকারের চেয়ে নেতিবাচক প্রভাব বেশি। তবে কর্মকর্তাদের কার্যকলাপের লিখিত বা অডিও কন্টেন্টের অনুমোদন রয়েছে।
কান্দাহারের গভর্নরের একজন মুখপাত্র চিঠির সত্যতা নিশ্চিত করলেও এই আদেশ কতটা কঠোরভাবে বলবৎ করা হবে এবং কতটা কার্যকর করা হবে তা স্পষ্ট করে বলতে পারেননি। তবে এই নির্দেশ কেবল প্রাদেশিক কর্মকর্তাদের জন্য, সাধারণ মানুষের জন্য নয় বলেও জানান তিনি।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের শাসনামলে ‘জীবন্ত প্রাণীর’ ছবি তোলা নিষিদ্ধ ছিল।
