৫৪ ধারায় ডিজাইনার শামীমের জামিন, নতুন মামলা সাইবার আইনে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩১ এএম

পোস্টারের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার ময়মনসিংহের তরুণ কবি ও গ্রাফিকস ডিজাইনার শামীম আশরাফকে জামিন দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামির মঞ্জুর করেন। তবে গতকাল দুপুরে তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মাঈন উদ্দিন জানান, নগরীর আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত শামীম আশরাফের ব্যবসাপ্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে সোমবার ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরে আদালত শুনানির তারিখ ধার্য করে তাকে জেলহাজতে পাঠায়। গতকাল মামলার শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে।

এদিকে মঙ্গলবার সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদ (বীক্ষণ) ও বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা নগরীর জিরো পয়েন্টে শামীম আশরাফের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেন। এতে ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা কবি ও সাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল বক্তব্য দেন।

অন্যদিকে, সাইবার ট্রাইব্যুনালে ডিজাইনার শামীমের বিরুদ্ধে নতুন মামলা করেছে সিটি করপোরেশন। গতকাল দুপুরে ময়ময়সিংহ সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী বাদী হয়ে আদালতে মামলাটি করেন। আদালত বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। নতুন মামলায় আদালত কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি।

সিটি করপোরেশনের পক্ষের আইনজীবী সাব্বির তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক বজলুর রহমান আবেদনটি আমলে নিয়ে তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, শামীম আশরাফ ৭ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে সিটি করপোরেশনের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার ডিজাইন করেন এবং সেই সব পোস্টার নগরের বিভিন্ন এলাকায় সাঁটান। ১৮ ফেব্রুয়ারি সিটি করপোরেশন বিষয়টি নিশ্চিত হয়। গত রবিবার রাতে পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে অপপ্রচারমূলক পোস্টারের ডিজাইন পাওয়া যায়। সাইবার নিরাপত্তা আইনের ১৭, ১৯, ২৫, ২৬, ২৭, ২৯ ও ৩২ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আঠারোবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে। স্থানীয়রা জানিয়েছেন, শামীমকে গ্রেপ্তারের আগেই রাত সাড়ে ৯টার দিকে তার ব্যবসাপ্রতিষ্ঠানে যান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় তারা শামীমকে সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার তৈরির না করার অনুরোধ জানান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।

ঘটনার কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়রের বড় ভাই মো. আমিনুল হক শামীম সেখানে যান। এর ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ শামীম আশরাফকে আটক করে থানায় নিয়ে যায়।

সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অনুসারীদের অভিযোগ, শামীম আশরাফ পোস্টারের মাধ্যমে সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

শামীমের পোস্টারে নগরীর সমস্যা, বিশেষ করে তীব্র যানজট ও জলাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত