শিরোপা জিতলেই বিএমডব্লিউ আর গাড়ি কোটি রূপি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম

মঙ্গলবার প্লেট গ্রুপ ফাইনালে মেঘালয়কে হারিয়ে রঞ্জি ট্রফির এলিট গ্রুপে উঠে এসেছে হায়দরাবাদ। শীর্ষস্তরে ফেরায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের জন্য ১০ লাখ রুপি আর সেরা পারফরমারের জন্য ঘোষণা করেছে ৫০ হাজার রুপি আর্থিক পুরস্কার। তবে পুরস্কারের আলাপ এখানেই শেষ নয়। চমক দেখিয়েছেন এইচসিএ’র নতুন সভাপতি জগন মোহন রাও। আগামী তিন মৌসুমের মধ্যে দল শিরোপা জিততে পারলে প্রত্যেক খেলোয়াড়কে বিএমডব্লিউ গাড়ি আর দলকে এক কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

সর্বশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে রঞ্জি ট্রফি জিতেছিল হায়দরাবাদ। এরপর থেকে ভারতের ঘরোয়া লিগে মর্যাদার এই টুর্নামেন্টে ট্রফিটা হয়ে গেছে অধরা। গতবার তো এলিট গ্রুপ ‘বি’ থেকে পয়েন্ট তালিকার তলানিতে থাকায় প্লেট পর্বে নেমে যায় হায়দরাবাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জগন মোহন রাও লিখেছেন, ‘আগামী তিন বছরের মধ্যে দল রঞ্জির এলিট ট্রফি জিততে পারলে, প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ গাড়ি আর দলকে এক কোটি রুপি দেওয়া হবে।’ এরপর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এ এক সাক্ষাৎকারে তিনি যোগ করেন, ‘এমন ঘোষণা ক্রিকেটার ও অন্যদের প্রেরণার জন্য দেওয়া হয়েছে। আগামী বছর শিরোপা জেতা একপ্রকার অসম্ভব, এজন্য তিন বছর সময় দিয়েছি আমি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত